‘অনুমানের ভিত্তিতে ছড়ানো হচ্ছে মোবাইল টাওয়ারের রেডিয়েশন মানুষ বা পরিবেশের জন্য ক্ষতিকর’
অনুমানের ভিত্তিতে মোবাইল টাওয়ারের রেডিয়েশন মানুষ বা পরিবেশের জন্য ক্ষতিকর বলে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাপটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবঃ)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত টাওয়ার রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ শীর্ষক’সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে শুধু অনুমানের ভিত্তিতে ছড়ানো হচ্ছে যে মোবাইল টাওয়ারের রেডিয়েশন মানুষ বা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা একেবারেই সত্য নয়।”
এস এম ফরহাদ আরো বলেন, “কিছু কিছু মানুষ মনে করছেন যে ছাদে থাকা টাওয়ারের কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং কেউ কেউ টাওয়ার সরিয়ে নিতে বলছেন। আমরা তাদের আশ্বস্ত করছি যে মোবাইল টাওয়ারের রেডিয়েশন কোন ক্ষতি করে না। সারা দুনিয়ায় মোবাইলে যে প্রযুক্তি ব্যবহৃত হয় বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোও সেই প্রযুক্তিই ব্যবহার করে।”
তিনি বলেন “সামনে যখন ফাইভ-জি আসবে তখন আমাদের অনেক বেশি সাইটের প্রয়োজন হবে। তাই শুধু শুধু আতংকিত হয়ে প্রযুক্তিকে রুদ্ধ করার কোন যুক্তি নেই। তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো।”
যারা প্রচারণা চালাচ্ছে তাদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ না করয় এক তরফা উপস্থাপনা হল কিনা জানতে চাইলে অ্যামটব মহাসিচব বলেন, “এখানে পক্ষ-বিপক্ষের কথা নেই। যারা বক্তব্য দিয়েছেন কোন প্রমাণের ভিত্তিতে এসব কথা বলেছেন তার সঠিক জবাব দিতে পারবেন। তারা ভুল ধারণানার উপর আছেন।”
বিটিআরসির উদ্যোগে ও অ্যামটবের আয়োজনে এই আলোচনায় আরো অংশ নেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শহিদুল আলম, হুয়াওয়ে টেকনলজিস (বাংলাদেশ)-এর মার্কেটিং বিভাগের পরিচালক এস এম নাজমুল হাসান এবং গ্রামীণফোন, রবি ও বাংলালিংক প্রতিনিধিরা।